বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী এ জানাজায় অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার জানাজা ও দাফন কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে। যার প্রথমটি সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো।

এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। তারপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি’র এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

সালাহউদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আঃ ব্যারেক সর্দার।

সালাহউদ্দিন আহমেদ ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্যবসা এবং প্রকাশনা শিল্পের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন।

বিশিষ্ট সমাজ সেবক সালাহউদ্দিন আহমেদ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক, ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তিনি ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ-সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সালাহউদ্দিন আহমেদ বিএনপি’র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত‌্যুকালে সালাহউদ্দিন তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ‌্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD