ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া প্রণয়নে তাঁরা আইনি মতামত ও পরামর্শ দিচ্ছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং এতে শহীদ ও আহতদের আইনি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়গুলোও আলোচনায় রয়েছে।
এ ছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, এর এখতিয়ার সুনির্দিষ্ট করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের ব্যবস্থা পুনরায় চালুর আইনি দিক নিয়েও বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।