শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ মোড় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেমন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরও দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ইতিহাসের এসব গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে স্পষ্ট ধারণা দিতে হবে। এ জন্য ইতিহাসচর্চা বৃদ্ধি ও পাঠ্যবইয়ে এদের যথাযথ আলোচনা নিশ্চিত করা জরুরি।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; এটি পুরো দেশের, জাতির এবং জাতীয় পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশির প্রথম পরিচয়—তিনি বাংলাদেশের নাগরিক। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, সন্তানদের ভালোবাসা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। অতিরিক্ত সুরক্ষার নামে শিশুদের খেলাধুলা, বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ সীমিত করা উচিত নয়। স্বাভাবিক বিকাশের জন্য খেলাধুলা, প্রকৃতির সংস্পর্শ ও সামাজিক পরিবেশে মেলামেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নিজস্ব চিন্তার বিকাশে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD