দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের প্রতি আন্তরিক শুভকামনা জানান তিনি। একই সঙ্গে পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় শেহবাজ শরিফ বলেন,
দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক। এই উৎসব শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে দেশের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন শেহবাজ। তিনি বলেন, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান মূল্যবান। পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।
বার্তায় বলা হয়, পাকিস্তানের সংবিধান সংখ্যালঘুদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতি নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শেহবাজ শরিফ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করবেন এবং সবাই সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাবেন।
শেষে দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দুদের উৎসবের আনন্দ উপভোগের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তবে এই শুভেচ্ছাবার্তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস