সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ: রিজভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী লীগকে আর বাংলাদেশের জনগণ ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পাশের দেশের মদদে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ সফল হতে দেবে না।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন রিজভী।

আওয়ামী লীগের গত শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর ধরে জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পাশের দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। তবে তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না।

তিনি বলেন, যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ আবারও ফুঁসে উঠেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির সাফল্য কামনা করে রিজভী বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ফেনী-১ আসনের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD