নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে এবার আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার। ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহ কার্যক্রম জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরমধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে।
এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপা হচ্ছে সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই। এর মধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং মান যাচাই বা পিডিআই সম্পন্ন হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ছাপা হচ্ছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই। এ পর্যন্ত মুদ্রণ শেষ হয়েছে ৮৮ দশমিক ১৩ শতাংশ, বাঁধাই ৮৬ দশমিক ১৮ শতাংশ এবং পিডিআই ৮৩ দশমিক ২১ শতাংশ।
এ স্তরের নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি পাঁচ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে ৯ হাজার চার কপি ব্রেইল বই। এ ছাড়া ইবতেদায়ি স্তরে চার কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই ছাপা হচ্ছে। এ স্তরে মুদ্রণ, বাঁধাই ও পিডিআইয়ের অগ্রগতি যথাক্রমে ৯৭ দশমিক ৩১, ৯৪ দশমিক ২৭ ও ৯৩ দশমিক ১ শতাংশ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে। কিন্তু আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তাই ২৪ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।’
মন্ত্রী জানান, এবার বড় কোনো অনুষ্ঠান করে বই উৎসব আয়োজনের পরিকল্পনা নেই। অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে স্কুলগুলোকে ফল প্রকাশের দিনই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছে দেওয়ার আশা করছেন তাঁরা। বইয়ের মান নিশ্চিত করতেও নজরদারি অব্যাহত রয়েছে।