বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপরে যমুনার পানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

বগুড়া: বগুড়ায় যমুনা নদীর পানি ১২৮ সেন্টিমিটার থেকে পর্যায়ক্রমে মোট ৭১ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সম্প্রতি প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পেয়েছিল।

তবে গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী এ নদীর পানি কিছুটা কমেছে। অন্যদিকে বাঙ্গালী নদীর পানিও কমে বর্তমানে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী মো. হুয়ায়ুন কবির।

তিনি জানান, যমুনা নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬.৭০ মিটার। সোমবার সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী এ নদীর পানি ১৭.২৭ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখনও তা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপরে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী যমুনা নদীর পানি ১৭.৩৩ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অন্যদিকে বাঙ্গালী নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫.৮৫ মিটার। এখন এ নদীতে ১৫.৯৮ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীর পানিও কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র জানায়, যমুনা নদীতে পানি বাড়ায় সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর, রহদহ, বোহাইল ও সারিয়াকান্দি সদরসহ সোনাতলা ও ধুনট উপজেলার মোট ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল এবং এসব এলাকার পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

এদিকে পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। পানিবন্দি বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র, বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিয়েছেন। এছাড়া যমুনা চরের অনেকে ঘরবাড়ি ভেঙে নৌকায় করে নদীতীরে চলে আসছেন। বন্যার দুর্যোগ থেকে স্থায়ী সমাধান খুঁজতে তারা চরের পৈত্রিক ভিটেমাটি ছেড়ে আসছেন।

এরই মাঝে সোমবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে ত্রাণ বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD