শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

জাহালমের ক্ষতিপূরণের রায় বুধবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

বিনা দোষে ভুল আসামি হয়ে ২৬ মামলায় প্রায় তিন বছর কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমের ক্ষতিপূরণের রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এই রায় ঘোষণার নির্ধারিত দিনে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কার্যতালিকায় (কজলিস্ট) থাকা মামলাটির এই আদেশ দেন হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হাসান ও সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। গত ১২ ফেব্রুয়ারি এ রুলের ওপর শুনানি সম্পন্ন হয়।

মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য দিন ঠিক ছিল। কিন্তু এ দিন দুদক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক নিজেদের পক্ষে শুনানি করেন। এরপর আদালত রায়ের জন্য আগামীকাল বুধবার দুপুর দুইটায় সময় নির্ধারণ করেন।

গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল’আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে হাইকোর্ট বেঞ্চ তলব করেন। এছাড়া রুলও জারি করেন আদালত।
উল্লেখ্য, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন ও আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD