শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দুর্বৃত্তদের কোন দল নেই। তাদের নেই কোন দলীয় পরিচয়। দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনো কাউকে সুযোগ দেয়নি। ভবিষতেও দেবে না, এটা আমি আশ্বস্থ করছি। সরকারের কাছে অপরাধীর কোন দলীয় পরিচয় নেই। অপরাধীকে অপরাধী হিসেবেই আমরা দেখি।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে যুক্ত হন। অপর দিকে ডিআরইউ কার্যালয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষের বুকের গভীরে আমাদের শেকড়। দেশের প্রতিটি অর্জন আমাদের পার্টির হাত ধরে ও নেতৃত্বে এসেছে।

তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে সব সময় কিছু আগাছা পরগাছা ঢুকে পরে আমি এটা স্বীকার করি। কিন্তু এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটেও কার্পণ্য করা হয় না।

কাদের বলেন, অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে। এর আগে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চালিয়েছে সরকার। এসকল অনিয়ম কেউ সরকারকে দেখিয়ে দেয়নি। সরকার নিজস্ব মেকানিজমে তা উৎঘাটন করে স্বপ্রণোদিত হয়েই অভিযান শুরু করেছে।

তিনি বলেন, সমালোচনাই একটা সরকারি দলকে শুদ্ধ করতে পারে। সঠিক সমালোচনা করলে আমাদের শুদ্ধ হওয়ারও একটা সুযোগ থাকে। কাজেই সমালোচনাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কখনো দেখি না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশে রাজনীতিতে দুটি ধারা প্রবাহমান। এক দিকে ৭১ এর অবিনাশী চেতনা অপর দিকে ৪৭ এর চেতনা। এক দিকে উন্নয়ন ও সমৃদ্ধির দ্বারা এগিয়ে যাওয়ার স্বপ্ন। অপর দিকে সাম্প্রদায়িকতায় ভর করে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা। একদিকে প্রযুক্তি ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়, অপর দিকে মিথ্যাচার নেতিবাচকতা আর পশ্চাৎপদতার সংস্কৃতি এবং যারা রাজনীতিতে নিজেদেরকে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD