শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী এবং উসকানিদাতা দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সম্পাদক বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদের কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই সবাইকে সতর্ক করে সভাপতির নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। যেসব নেতা বা জনপ্রতিনিধি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে এবং উসকানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শীত ঝেঁকে বসেছে তাই এই পরিস্থিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। সে সময় তিনি প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য বলেও উল্লেখ করেন।

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

এদিকে, সকলকে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD