যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় শত্রুতা করে পুকুরে বিষ ট্যাবলেট দিয়ে এক খামারির প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (৬ ফেব্রুয়ারি) ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি আবু তালেব।
তিনি ঝিকরগাছার বেজিয়াতলা এলাকার বাসিন্দা।
আবু তালেব জানান, গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বেজিয়াতলা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ তাকে খবর দেন- পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। কয়েকজন মিলে পুকুরে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে।
তিনি বলেন, ‘বেজিয়াতলা এলাকায় আমার ছয় বিঘা জমিতে পুকুরটি। সেখানে পাবদা, টেংরা, রুই, মৃগেল, কাতলাসহ দেশি প্রজাতির মাছ চাষ করি। কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১৮ লাখ টকার ক্ষতি হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে কারও পূর্ব শত্রুতা ছিল কি না তা জানা যায়নি। আমরা ঘটনা তদন্ত করছি।’