ডেস্ক রিপোর্ট : দিনে দিনে ফেসবুক পেজ খুলে পণ্য বিক্রি বেচাকেনা চলছে। পণ্য কিনতে ক্রেতাদের এখন আর দোকানে যেতে হয় না। ফেসবুকে পণ্যের অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যায়। আর এ সুযোগে কিছু প্রতারক ফেসবুক পেজ খুলে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তেমনি এক প্রতারক দম্পত্তি জেরিন ওরফে জেনিফার তালুকদার ও স্বামী প্রবাল তালুকদারকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউসিং সোসাইটি থেকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশের একটি বিশেষ টিম। তারা দুজন ফেসবুক পেজ খুলে বিদেশি প্রসাধনী এনে দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
সিআইডি সাইবার পুলিশ প্রতারকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার প্রতারক দম্পতি ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। স্বামী-স্ত্রী দুজনই বিভিন্ন ধরনের মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে সিআইডি জানিয়েছে।
সিআইডি সূত্র জানায়, জেরিন ওরফে জেনিফার তালুকদার তার নিজের পরিচালিত অল এসেনশিয়াল বাই-জেরিন নামক ফেসবুক পেজে বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী বিক্রির উদ্দেশ্যে পোস্ট দিতেন। প্রথমত জেরিন নিজের ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে কিছু বিদেশি পণ্য এনেছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে অনলাইনে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পণ্য এনে দেবেন বলে তার পেজে পোস্ট দেন। জেরিনের এ পোস্ট দেখে অনেকে কেনার জন্য অর্ডার দিতে থাকে। জেরিন তাদেরকে মালামাল না দিয়ে করোনা মহামারির কথা বলে আশ্বস্ত করতে থাকেন।
এ ছাড়া কাস্টমস ট্যাক্স কার্গো সমস্যার নানাবিধ কারণ ও অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করে ক্রেতা সাধারণকে মালামাল না দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে আসছিলেন। আফসিন নামে একজন অনলাইন ব্যবসায়ী তার নিজের ব্যবসার জন্য জেরিনের কাছ থেকে পণ্য ক্রয়ের অর্ডার দিয়েছিলেন। জেরিন আফসিনকে সত্য-মিথ্যা অনেক কিছু বুঝিয়ে বিদেশি প্রসাধনী আমদানি করে এনে দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে তিন লাখ ৭২ হাজার টাকা হাতিয়ে নেন। আন্তরিক ব্যবহার এবং স্মার্টনেস দেখিয়ে তিনি আফসিনের মন জয় করেন।
বিভিন্ন খুচরা ক্রেতার কাছ থেকে যে টাকা গ্রহণ করতেন জেরিন তা তিনি আফসিনের বিকাশ অ্যাকাউন্টে আনিয়ে সহজে বিশ্বাস স্থাপন করেন। বিকাশে আসা টাকাগুলো জেরিন তার স্বামী প্রবাল তালুকদারকে আফসিনের কাছে পাঠিয়ে গ্রহণ করতেন। মাঝে মাঝে বিভিন্ন বিকাশ এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে নিতেন। নিজেকে গোপন রাখতে জেরিন কখনও লাইভে আসতেন না।
মালামাল না দিয়ে যখন জেরিনের বিভিন্ন অজুহাত এবং কথাবার্তা অসংলগ্ন মনে হয় তখন আফসিন বুঝতে পারেন জেরিন তার সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছেন। এ ঘটনায় আফসিন সিআইডি সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি সাইবার পুলিশের অনুসন্ধানে প্রতারণার সত্যতা পায়।