শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

নিখোঁজের ১০ দিন পর কিশোরের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে নিখোঁজের ১০ দিন পর হারিধোয়া নদীতে মিলল রিকশাচালক কিশোর ইয়াকুব মিয়ার লাশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহত ইয়াকুব পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি কিশোর ইয়াকুব নিখোঁজ হওয়ার ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আমেনা বেগম।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মো. নাসিরউদ্দীন জানান, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হন ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে, নিখোঁজের ১০ দিন পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) পলাশের দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD