বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সংখ্যালঘু নারীদের ওপর নির্যাতন চালিয়েছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের পরবর্তী যত সরকার এসেছে, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাই প্রমাণ করেছেন তার সরকার নারীবান্ধব। আর বিএনপির শাসনামলে ফাহিমা, পূর্ণিমার মতো হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল।
মঙ্গলবার (০৯ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়ে সংখ্যালঘু নারীদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তা একাত্তরের পাকিস্তানি হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল। শেখ হাসিনা সরকার নারীর লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে কঠোর।
কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করেছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সরাসরি প্রতিনিধি নির্বাচন ও জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন।
দেশ-বিদেশে চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ছে বলে জানান ওবায়দুল কাদের।
লাইটনিউজ