শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

যেসব শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

রাজধানীতে ২৩টি শর্তে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ করবে বিএনপি।

রাজধানীতে সমাবেশ করার জন্য গত ৭ মার্চ অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে বিএনপি। আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

বিএনপি মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করবে। সেই আবেদনের প্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি গত ৫ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে ৬টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ইতোমধ্যে তিন বিভাগে সমাবেশ করেছে। আগামী ২০ মার্চ চট্টগ্রামে সমাবেশ করবে। এরআগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি সমাবেশ হবে। আগামী ১৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হবে আরেকটি সমাবেশ। এজন্য আগেভাগেই অনুমতি চেয়ে ডিএমপিকে আবেদন করেছে বিএনপি।

ঢাকার কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি নেতাদের পাশাপাশি বিশেষভাবে দায়িত্ব পেয়েছেন তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD