শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

পিকে হালদারের দেশত্যাগ: ৬৭ ইমিগ্রেশন পুলিশের তালিকা হাইকোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : পাসপোর্ট জব্দ থাকার পরও এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দেশত্যাগের সময় বেনাপোল স্থলবন্দরে দায়িত্বরত ৬৭ ইমিগ্রেশন পুলিশের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে এ তালিকা দাখিল করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানিয়েছেন।

এর আগে, পুলিশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছিল দুদক থেকে তাদের কাছে দেরিতে চিঠি পাঠানোর কারণে পিকে হালদার পালিয়ে যায়। কিন্তু পিকে হালদারের দেশত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের ওই তথ্য সঠিক নয় বলে হাইকোর্টে পাল্টা লিখিত জবাব দাখিল করে দুদক। দুদকের পক্ষ থেকে লিখিত ওই চিঠিতে বলা হয়, ২০১৯ সালের ২২ অক্টোবর পিকে হালদারসহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া চিঠি পরদিন ২৩ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে পাঠানো হয়, যা ইমিগ্রেশন গ্রহণ করে।

পাসপোর্ট জব্দ থাকার পরও পি কে হালদার কীভাবে বিদেশে পালিয়ে গেলেন গত ১৫ ফেব্রুয়ারি তা জানতে চান হাইকোর্ট। ১৫ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। ধার্য তারিখে এসব তথ্য লিখিতভাবে আদালতকে জানানো হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

এছাড়াও পি কে হালদার কাণ্ডে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরতদের তালিকা জমা দিতেও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে পি কে হালদার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে কানাডায় আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD