নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া (৭৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর আপন ভাতিজা (ভাইয়ের ছেলে) মাধবদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ভূঁইয়া (ভিপি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সফর আলী ভূঁইয়া মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি টানা দীর্ঘ ৩০ বছর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর পারিবারের সদস্যরা জানান, সফর আলী ভূঁইয়া চলতি মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে প্রথমে বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে অবস্থা অবনতি হলে গত সোমবার (৯ মার্চ) তাকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তাঁর করোনা পজেটিভ হয়। পরে গত মঙ্গলবার তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে গত শনিবার তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।