শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি : ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়ার জন্য তার দল প্রস্তুত রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনও লাভ নেই।

আজ শনিবার (২০ মার্চ) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং-এ এই হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায়। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারা দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্রদেশ ভারত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনও ব্যক্তি বিশেষকে নয়।

তিনি মনে করেন, এখন স্পষ্ট যে, কারা মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এই হামলা ও লুটপাট পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি, নরেন্দ্র মোদির সফর প্রতিহত করার ঘোষণা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD