শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

স্বাধীনতার ঘোষক একজনই: ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে শুক্রবার রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার যে ঘোষণা, তা আসলে অন্য কারও দেওয়ার অধিকার ছিল না। এই ঘোষণা দেওয়ার ম্যান্ডেট শুধু বঙ্গবন্ধুই পেয়েছিলেন।

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে দলের সভাপতিমণ্ডলীর সদস্যর মতিয়া রহমান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়। এরা বরং আরও বেশি ক্ষতি করছে। এদের সবাই চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত ও প্রতিরোধ করব, এটা আজকের শপথ।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD