ডেস্ক রিপোর্ট : শুক্রবার মাঝ রাত থেকে ফেরি বন্ধের ঘোষণা দেয়ার পরও দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা ভিড় করেছেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। শনিবার (৮ মে) ভোর থেকে বিভিন্ন উপায়ে ঘাট এলাকায় শত শত মানুষ আসতে থাকেন। ফলে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতেও শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি ছেড়ে যেতে দেখা গেছে।
এদিকে দেখা গেছে, সকাল থেকেই ঘাট এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তারপরও কয়েক কিলোমিটার পায়ে হেঁটে ঘাটে যাচ্ছেন ঘরমুখী যাত্রীরা। আবার অনেকে ঘাটে আসার পর জানতে পারেন ফেরি বন্ধ। এমন অবস্থায় কেউ ঘাটেই অপেক্ষা করছেন আবার কেউ রাজধানীর পথে ফিরছেন।
এক যাত্রী জানান, হঠাৎ করে কর্তৃপক্ষের ফেরি বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি হচ্ছে মানুষের। আমরা ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা দিয়ে অনেক কষ্টে এসেছি। আবার ফিরে যেতে হচ্ছে আমাদের।
অন্য একজন বলেন, সেহরির সময় নাকি ফেরি বন্ধ করার কথা বলা হয়েছে। এই কথা যদি সন্ধ্যায় বলতো তাহলে তো এতগুলো মানুষ এখানে আসতো না। এখন আর আমাদের কিছু করার নেই। তাই বাধ্য হয়েই ফিরে যাচ্ছি।
এর আগে শুক্রবার জানানো হয়, পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।