সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৪ মে) তার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপাচ্ছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপির কারচুপির যে অতীত ইতিহাস সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তারাই এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে?
সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়টিকে ফরমায়েশি রায় বলে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে ফরমায়েশ রায় দিয়েছে? কোথা থেকে দিয়েছে? কোন সুনির্দিষ্ট তথ্য আছে? এ ধরনের কাল্পনিক অভিযোগ শুধু বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্বাধীন বিচার বিভাগকেও বিএনপি হেয় করছে।
বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচার ছিলো এতদিন সরকারের বিরুদ্ধে, এখন আদালতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে যা প্রকারান্তরে আদালত অবমাননার শামিল।
ওবায়দুল কাদের বলেন, পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট এবং আইডেন্টিটি, অন্য কিছু নয়, এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়।পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতির কোন সম্পর্ক নেই, বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত।
পাসপোর্ট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ এরূপ কাল্পনিক মনগড়া অভিযোগ কেন করছেন সেটা বোধগম্য নয়। মির্জা ফখরুলের এই মন্তব্যের পিছনে কোন দুরভিসন্ধি থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।