শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

৬৬ কোটি টাকা আত্মসাৎ: বাংকোর চেয়ারম্যান মুহিত কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাংকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বুধবার দুপুরে আদেশ দেন বলে দুদকের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জুলফিকার হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

আসামির পক্ষে মোখলেসুর রহমান বাদল জামিন চাইলেও ওকালতনামায় তার নাম না থাকায় বিচারক তা না মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার চেষ্টার সময় মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুহিতকে আটক করা হয়।

সন্ধ্যায় ‘সম্মিলিত গ্রাহক একাউন্ট’ থেকে বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগে তাকে ও বাংকো সিকিউরিটিজের ৭ পরিচালককে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের মামলার অপর আসামিরা হলেন- পরিচালক শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ. মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।

এজাহারে বলা হয়, “বাংকো সিকিউরিটিজ লিমিটেডের মালিক পক্ষ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ (উল্লিখিত) অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে এবং তা সমন্বয় না করে দেশ হতে সংশ্লিষ্টদের পলায়নের সম্ভাবনা রয়েছে।”

নথি অনুযায়ী, গত ৬ মে থেকে ৬ জুন পর্যন্ত সময়ে বাংকো সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটি আইন কানুন লঙ্ঘনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। এরপর তৎক্ষণাৎ ডিএসইর কর্মকর্তারা গত ৭ জুন উক্ত কোম্পানি বিশেষ পরিদর্শন করে সম্মিলিত গ্রাহক একাউন্টে ৬ ‍জুন ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি লক্ষ্য করেন।

এরপর এ বিষয়ে ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেডের নির্বাহী মো. আল-মাসুদ মতিঝিল থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি অভিযোগ জানায়। অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে দুদকে পাঠিয়ে দেয়। প্রাথমিক অনুসন্ধান শেষে মঙ্গলবার দুদক মামলা করে।

এর আগে ১৫ জুন বাংকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম বন্ধ করে দেয় ডিএসই। অর্থ আত্মসাতকারীরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ডিএসইর অনুরোধে গত ১০ জুন সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র : বিডি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD