স্টাফ রিপোর্টার : বিয়ের একদিন পর শ্বশুর ও শ্বাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে লাশ হলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক শহিদুজ্জামান সুমন (৩৮)। এ একই সময় আহত হন শিক্ষক সুমনের ভাগিনা জাকির হোসেন (৪২)।তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে তুহিন কাউন্টারের সামনে অজ্ঞাত ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের সহিদুজ্জামান সুমন বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) ও পটুয়াখালীর বাউফলের উত্তর বনকাজল গ্রামের মৃত আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।
নিহত শিক্ষক সুমনের ভাগিনা জাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন নিজ বাসায় বিয়েকার্য সম্পাদন করেন শিক্ষক সুমন। শনিবার রাতে শ্বশুর-শাশুড়িকে বরিশালগামী তুহিন পরিবহনে তুলে দিয়ে বাসার দিকে ফিরছিলেন। কাউন্টার থেকে সড়কে উঠে পাশ দিয়ে হাঁটার সময় স্ত্রী লামিয়া জেবিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে কুষ্টিয়াগামী অজ্ঞাত ট্রাক তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।