শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘জিয়াউর রহমান কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বিএনপি বিগত ৪৩ বছরের ইতিহাস মিথ্যার বেসাতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি, উচ্চাভিলাষী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ‘ভিলেন’ হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন।

ওবায়দুল কাদের বুধবার বিকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন।

ওবায়দুল কাদের বলেন, জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেনি, ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন।

এ জাতির যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সে দলের কাছেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সুরক্ষিত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়াকান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফাঁকা বুলি কেবল বিএনপির মুখেই মানায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

স্বাধীনতার আন্দোলন নাকি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি বিএনপি নেতাদের সর্বশেষ আবিষ্কার এবং ইতিহাস বিকৃতির নবরূপ।

হাজার বছরের আরাধ্য স্বাধীনতার অমিয় সুধা পানে জাতিকে ধাপে ধাপে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ বিএনপি বঙ্গবন্ধুর পাশে জিয়াকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা করছে তা চরম ধৃষ্টতার শামিল।

একজন মহানায়ক, আজন্ম সংগ্রামী মুক্তির রোল মডেলের পাশে গণতন্ত্র হত্যাকারী, হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি, মুখোশপরা গণতন্ত্রীর স্থান হতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসের যে সত্য দিবালোকের মতো স্পষ্ট তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই, এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই দেশের জন্য মঙ্গল। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে রাজনৈতিক ইতিবাচক ধারায় ফিরে আসবে এবং জনগণও এটাই প্রত্যাশা করে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD