বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ঈশ্বরদীতে যুবলীগ নেতাকে গুলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শাহীন হোসেন ওরফে রুটি শাহীন নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার আলহাজ্ব টেক্সাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশে বাঁশহাটের সামনে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ অক্টোবর) সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি জানিয়েছেন।

গুলিবিদ্ধ শাহীন ঈশ্বরদী পৌর যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকার আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাত ৮টার দিকে আলহাজ্ব মোড়ের বাঁশহাটের সামনে রমজানের সার্ভিসিং সেন্টারের সামনে বসেছিলেন শাহীন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত তিনজন এসে শাহীনকে পরপর তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলি শাহীনের বুকে ও হাতে লেগে সেখানেই লুটিয়ে পড়েন। এসময় গুলির বিকট শব্দে তাৎক্ষণিকভাবে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা-কর্মচারীরা ডা. শফিকুল ইসলাম শামীম জানান, শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের কাছে আনা হয়। তখন তিনি অজ্ঞান ছিলেন। তার অবস্থা অবনতির আশঙ্কায় আমরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান আসাদ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল জানান,এ ঘটনায় ৪-৫ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব জানান, যুবলীগ নেতা শাহীনকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD