সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

এবার দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দিচ্ছে ইংল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

ইংল্যান্ডের ক্রীড়াপ্রেমীদের জন্য সু-খবর। এবার আর দর্শকশূন্য স্টেডিয়ামের খেলা ঘরে বসে টিভিতে দেখতে হবে না তাদেরকে। কারণ, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার অনুমতি দিচ্ছে ব্রিটিশ প্রশাসন। শুক্রবার একথা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি জানিয়েছে এ খবর।

জনসন আগেই জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইংল্যান্ডের ক্রীড়াঙ্গন পুরোপুরি খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। তার আগে পাইলট প্রজেক্ট হিসেবে আগামী সপ্তাহে কয়েকটি স্টেডিয়াম খুলে দিতে চান তিনি।

শুরুটা হবে ক্রিকেট দিয়েই। ২৬–২৭ জুলাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে। সেখানে ম্যাচ দেখার অনুমতি পাবেন দর্শকরা। এরপর বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ, ঘোড়দৌড়ের মতো কিছু ইভেন্টেও দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে, ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল মাঠে এখনও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী সপ্তাহে শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। চলতি সপ্তাহে ঐতিহাসিক এফএ কাপের সেমিফাইনালও আছে; কিন্তু কোনও ইভেন্টেই মাঠে দর্শক ঢুকতে পারবেন না।

আগামী সপ্তাহে কিছু খেলায় দর্শক ঢোকার অনুমতি পেলেও, সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্টেডিয়ামের মোট দর্শকাসনের একটা নির্দিষ্ট অংশই কেবল দর্শকদের জন্য খোলা হবে। দু’জন দর্শকের মধ্যে ফাঁকা জায়গা রাখা হবে।

মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। কারও শরীরে করোনা উপসর্গ থাকলে তাকে স্টেডিয়ামে আসতে নিষেধ করে দেয়া হয়েছে।

তবে এসব সত্ত্বেও স্টেডিয়াম দর্শক প্রবেশের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের অনেক মানুষই। কারণ, সে দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া খেলাধুলো আবেগের ব্যাপার। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা আদৌ সম্ভব কি না, সেটা নিয়েও প্রশ্ন আছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD