বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মুসলিম রোগী নিষিদ্ধ করল ভারতের একটি বেসরকারি ক্যান্সার হাসপাতাল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

রীতিমতো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে করোনায় আক্রান্ত মুসলিম রোগী ভর্তি নিষিদ্ধ করল ভারতের একটি বেসরকারি ক্যান্সার হাসপাতাল। ভ্যালেন্টিস ক্যান্সার হাসপাতাল নামের ওই প্রতিষ্ঠানটির অবস্থান উত্তরপ্রদেশের মীরাটে। এই ঘটনার পর ভারতজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। করোনা সংক্রমণের এমন ক্রান্তিকালে একটি হাসপাতাল কীভাবে এমন সাম্প্রদায়িক সিদ্ধান্ত নিতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন দেশটির সচেতন মহল।

স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ করা ওই বিজ্ঞাপনে বলা হয়, ভারতে করোনাভাইরাস ছড়ানোর জন্য মুসলমানরা দায়ী। বিশেষ করে নিজামউদ্দিনের তাবলীগ জামাতের কথা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, দেশটির ৩০ শতাংশ করোনায় আক্রান্ত রোগী কোনো না কোনোভাবে দিল্লির ওই সমাগমের সঙ্গে যুক্ত। তাই তাদেরকে চিকিৎসা দেবে না ভ্যালেন্টিস ক্যান্সার হাসপাতাল।

বিতর্ক তুঙ্গে উঠলে আরেকটি বিজ্ঞাপন দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘৃণা ছড়ানোর অভিযোগে ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করতে মাঠে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।

ভারতের উত্তরপ্রদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৮৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৮ জন। যে মীরাটে হাসপাতালটির অবস্থান সেখানে আক্রান্ত ৭০ জনেরও বেশি, মৃত ২ জন।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD