আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদানের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী বইও দেওয়া কথা ছিল। কিন্তু নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আগামী শিক্ষাবর্ষ থেকে তা হচ্ছে না। গতকাল মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা।
তিনি জানান, নতুন শিক্ষাক্রম তৈরির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এখন তা সম্ভব নয়। পাশাপাশি এমন পরিস্থিতিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী বই ছাপানোও খুব কঠিন। তাই সার্বিক দিক বিবেচনা করে সভায় আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে বই না দেওয়ার প্রস্তাব করেন তারা। যা সভায় সর্বসম্মতিতে গৃহীত হয়।
ফলে শিক্ষার্থীরা আগামী বছরও বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী বই পাবে। তবে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের বিষয়ে নির্দেশিকা দেওয়া হবে, যাতে তারা শিক্ষার্থীদের এ সম্পর্কে ধারণা দিতে পারেন।
গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ওই সভায় এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা ছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী জাকির হোসেন।
প্রস্তাবিত নতুন শিক্ষাক্রম অনুযায়ী, সরকার সকল শিক্ষার্থীকে মাধ্যমিক স্তর পর্যন্ত অর্থাৎ দশম শ্রেণি পর্যন্ত একই বিষয়ে পাঠদানের পরিকল্পনা করেছিল। এটি বাস্তবায়ন হলে বর্তমান শিক্ষাক্রমের মতো শিক্ষার্থীদের নবম শ্রেণিতে গিয়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় আলাদা আলাদা ভাগ হতে হবে না। এই ভাগ হবে উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে। আগামী ২০২৪ সালে থেকে নতুন এ শিক্ষাক্রম চালু হতে পারে।
এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০২১ সালে প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের ভিত্তিতে বই দেওয়ার পরিকল্পনা করেছিল। এরপর ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক স্তরে সপ্তম, নবম ও একাদশ শ্রেণির বই দেওয়ার পরিকল্পনা ছিল। আর ২০২৩ সালে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক স্তরে অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বই দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হচ্ছে না।
লাইট নিউজ/আই