বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সূত্র নিশ্চিত করেছেন একই তথ্য নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত সোমবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

একই আদেশে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আবদুল লতিফ সিদ্দিকী ওই পলাতক আসামিদের একজন ছিলেন। পাশাপাশি বিভিন্ন মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদেশের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ গঠন করা হবে এবং এরপর মামলার বিচার কার্যক্রম শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD