শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :

আজ ত্রিবেণীতে গাইবেন বারী সিদ্দিকীর মেয়ে এলমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : কণ্ঠশিল্পী এলমা সিদ্দিকী। ব্রিটেনে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বিজনেস গ্রাজুয়েট। বাবা জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী। ছোটবেলাতেই কন্ঠে সুর তুলে নিয়েছেন এলমা। জন্ম নেত্রকোনায় হলেও বেড়ে ওঠা ঢাকাতে। বাংলাঢোলের ব্যানারে তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার পরে’। দ্বিতীয় অ্যালবাম ‘আত্মাদেবী’। আছে নিজস্ব ব্যান্ড দল- বাউল বাড়ি।

আজ (বুধবার, ২ জুন ২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৫৫তম পর্ব। প্রতিভাবান এই শিল্পী গাইবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। গানে গানে মাতাবেন দর্শকদের।

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

এলমা সিদ্দিকী তিন বছর বয়স থেকে শুরু করেন নাচ শেখা। ফোক ও আধুনিক গান; নজরুল ও রবীন্দ্রসংগীতই তার পছন্দের শীর্ষে। ২০১৫ সালে পড়াশোনার জন্য পাড়ি জমান বিদেশে। শিক্ষা বিষয়ক একটি কনসাল্টেন্সি ফার্মের জেনারেল ম্যানেজার তিনি। অসহায় শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা তার। বাবার সুর করা গানের একটি আর্কাইভ করবেন তিনি।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে (risingbd.tribeni@gmail.com); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD