বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ড্রোনটির উপস্থিতি শনাক্ত করেন। পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেটি ধ্বংস করা হয়।
এর মাত্র একদিন আগে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ড্রোনটির অবস্থান শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, মঙ্গলবারের ওই ঘটনার মধ্য দিয়ে ভূপাতিত মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের আরও কয়েক ডজন ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে বাহিনীটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানের সময় দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন বহর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আকাশপথে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালু রাখতে ওয়াশিংটন আবারও এমকিউ-১ ড্রোন ব্যবহারের দিকে ঝুঁকেছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানি বাহিনীর দাবি, ওই ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু। এ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে নতুন করে সামরিক আগ্রাসনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আবারও কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কঠোর।
হাতামির ভাষায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখবে না। আগ্রাসনকারী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে আরও শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে।
একের পর এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা এবং ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরনা