যুদ্ধের ময়দানের লড়াই শেষ হলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ থামছে না। বরং যুদ্ধ-পরবর্তী সময়ে শত্রুদের জন্য আরও জটিল ও বিস্তৃত গোয়েন্দা মোকাবিলার নতুন অধ্যায় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে গোয়েন্দা কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও সংশ্লিষ্ট আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে দেশটির সংসদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতারও ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের কাছে পাঠানো এক চিঠিতে এসব অবস্থান তুলে ধরা হয়।
চিঠিতে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, যুদ্ধকালীন বাস্তবতা এবং পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় পরিচালনাসংক্রান্ত আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংসদে চলমান পর্যালোচনায় বিশেষজ্ঞ পর্যায়ে পূর্ণ সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
চিঠিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, বিপ্লব ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারানোর পরও তাদের সাংগঠনিক ভিত্তি অটুট রয়েছে।
বিশেষ করে দেশটির গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খতিবের শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মত্যাগের পরও মন্ত্রণালয় তার দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনা, বিপ্লবের আদর্শ এবং শহীদদের রেখে যাওয়া বার্তাকে সামনে রেখে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয়।
চিঠিতে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে ‘বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ’ শীর্ষক ঘোষণায় বর্ণিত আদর্শ ও নীতিকে গোয়েন্দা এবং নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা মন্ত্রণালয়ের সাংগঠনিক সংস্কার, নতুন মন্ত্রী নিয়োগ এবং নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংসদের বিভিন্ন পর্যায়ের আলোচনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে মন্ত্রণালয়।
সংসদে অনুমোদিত এক-জরুরি ভিত্তির বিলটির কার্যকারিতা দ্রুত নিশ্চিত করতেও সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চিঠির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, দেশটির চিরশত্রু হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং তাদের সহযোগীরা দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের পর গোয়েন্দা মোকাবিলার এক নতুন অধ্যায়ের মুখোমুখি হবে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই মোকাবিলা হবে আরও বেশি বিপ্লবী উদ্দীপনা, গতিশীলতা ও কৌশলগত উৎকর্ষে সমৃদ্ধ। একই সঙ্গে তা হবে নিরবচ্ছিন্ন।
অর্থাৎ, সামরিক সংঘাতের বাইরেও গোয়েন্দা ও নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিয়েছে তেহরান।
চিঠিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও বলেছে, দেশটির সামরিক কমান্ডার, নিরাপত্তা ও গোয়েন্দা সদস্য, সাধারণ নাগরিক এবং মিনাব ও লামের্দের নিহত শিশুদের আত্মত্যাগ তারা ভুলে যায়নি।
নিহত ব্যক্তিদের রক্তের প্রতিশোধ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি দেশের সব শ্রেণির মানুষ এবং রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।
চিঠির শেষাংশে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, তাদের লক্ষ্য হবে—দেশি-বিদেশি শত্রুদের নিরাপত্তা থেকে বঞ্চিত করা এবং সব স্বদেশবাসীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা।
এর মধ্য দিয়ে যুদ্ধ-পরবর্তী সময়ে শুধু সামরিক সক্ষমতা নয়, গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোকেও আরও শক্তিশালী করার পরিকল্পনার ইঙ্গিত দিল ইরান। ইরনা