মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

আনসার আল ইসলামের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ঢাকার সাভার ও লক্ষ্মীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোরশেদ আলম (৩০) ও মো. ফয়সাল আহমেদ (২৮)।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর থানাধীন চকবাজার থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মো. ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে, ঢাকার সাভার থানাধীন বিরুনীয়া বেড়িবাঁধ এলাকা থেকে তার সহযোগী মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় ফয়সাল আহমেদের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়। আর মোরশেদ আলমের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিম-কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশ থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হটিয়ে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে অপরাধ সংঘটনের জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা সহযোগীদের সঙ্গে উগ্রবাদ, দেশবিরোধী পরিকল্পনা ও উগ্রবাদের সমর্থনে অনলাইনভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের মতাদর্শ সমর্থন করার জন্য অন্যদের আহ্বান করে আসছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD