বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

আমি নিজেই সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছি : র‌্যাবপ্রধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

টেকনাফ প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্ব নিয়ে করছে র‌্যাব। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন করা হচ্ছে।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, আমি নিজেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছি। অত্যন্ত পেশাদারিত্বের এই সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। এই ঘটনা নিয়ে বাহিনীগুলোর মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম চলছে।

র‌্যাব সূত্রে জানা যায়, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকেল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান। ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফিরে এসেছেন তিনি। র‌্যাব মহাপরিচালকের সাথে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে প্রাণ হারান অবসরপ্রাপ্ত মেজর সিনহা। সিনহা গুলি করতে উদ্যত হলে পাল্টা গুলি চালানো হয় বলে প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও তা নিয়ে প্রশ্ন ওঠে। সাবেক সেনা কর্মকর্তারা সরাসরি পুলিশ কর্মকর্তাদের দায়ী করেন।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে সিনহার বোন নয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যামামলা করলে আদালতের নির্দেশে র‌্যাব তার তদন্তের দায়িত্ব নিয়ে আসামি পুলিশ সদস্যদের রিমান্ডে নেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD