যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের সঙ্গে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে সক্ষম হবে বলেও আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুব একটা ভালো মানুষদের সঙ্গে বোঝাপড়া করছে না। তবে তা সফলভাবেই করছে। এ সময় তিনি ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধকে বিশাল সাফল্য বলেও অভিহিত করেন।
আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি সেটা করতে চাই না।
পরবর্তীতে ট্রাম্প বলেন, আমি বোমা হামলারই প্রত্যাশা করছি। কারণ সেটিই হবে আরও ভালো অবস্থান।
তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর জন্য হাতে খুব বেশি সময় নেই। তবে ইরানের জন্য আশার বাণী শুনিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের খুব ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।