ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি দেশটিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে শ্বাসরোধ করার বিষয়ে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়। খবর আইআরএনএর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবি একদিকে করুণ, অন্যদিকে জবরদস্তিমূলক পদক্ষেপের প্রতি ওয়াশিংটনের আসক্তির স্পষ্ট প্রমাণ।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাঘায়ি বলেন, মার্কিন অর্থমন্ত্রী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে শ্বাসরোধ করার সক্ষমতা নিয়ে গর্ব করেছেন। তবে এ বক্তব্যের করুণ দিকের বাইরেও এটি নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের এক ধরনের বাধ্যতামূলক আসক্তির স্পষ্ট প্রমাণ।
বাঘায়ি বলেন, যখনই ওয়াশিংটন কূটনীতি পরিচালনায় নিজেদের অক্ষম প্রমাণ করে, তখনই তারা নিষেধাজ্ঞার আশ্রয় নেয়। আবার নিষেধাজ্ঞা কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হলে তারা এর মাত্রা আরও বাড়িয়ে দেয়।
ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, এটি আর কোনো নীতি নয়; বরং একটি অভ্যাসে পরিণত হয়েছে। আরও বিপজ্জনক বিষয় হলো, এই আসক্তি চিন্তাভাবনার জায়গাটিও দখল করে নিয়েছে।
বাঘায়ি বলেন, কয়েক দশক ধরে ইরান প্রমাণ করেছে যে পুরোনো ও ব্যর্থ এসব কৌশল দিয়ে দেশটিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, প্রকৃত ঝুঁকি হলো আমেরিকান রাজনীতিকরা এই বদভ্যাস আঁকড়ে থাকার কারণে নিজেদের তৈরি করা সংকট থেকে কম অপমানজনকভাবে বেরিয়ে আসার যে সামান্য সুযোগ এখনো রয়েছে, সেটিও শেষ পর্যন্ত নিজেরাই নষ্ট করতে পারেন।
সূত্র : আইআরএনএ