ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি ‘পুরোপুরি সুস্থ’ আছেন। সম্প্রতি খামেনির সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকের পর তার শারীরিক অবস্থা নিয়ে এ তথ্য জানান পেজেশকিয়ান।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বৈঠকে দেশের চলমান বিভিন্ন সমস্যা ও মানুষের জীবনযাত্রার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে তিনি নিজের বিভিন্ন উদ্বেগ ও সমস্যার কথা তুলে ধরেছেন। খামেনি তার কথা স্বাভাবিকভাবেই শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তিনি জানান, বৈঠকে খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে খামেনি ও পেজেশকিয়ানের মধ্যে প্রায় সাত ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল বৈঠকে সর্বোচ্চ নেতার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ।
বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, কর্মসংস্থান ও আবাসন পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
পরবর্তী সময়ে এপ্রিল মাসে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর জুনে দুই দেশ সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
তবে গত মাসে ওই সমঝোতা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়ায়। প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। পরে সংঘাত বন্ধে আলোচনার উদ্যোগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের নির্দেশ দেন।
এই পরিস্থিতিতে খামেনির শারীরিক সুস্থতার বিষয়ে পেজেশকিয়ানের প্রকাশ্য বক্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দেশটির নেতৃত্ব নিয়ে চলমান জল্পনার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।