বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালে আমরা আঙুল চুষব না। আহাম্মকের স্বর্গে বাস করছেন? আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে, টোকা দিলেই পড়ে যাবে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বাসন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ তো দূরে থাক, এতিমের টাকাও নিরাপদ নয়, সেই চোরের মায়ের বড় গলা। বিদেশে থেকে ইউটিউবে অপপ্রচার করে মনে করেছেন এটাই শক্তি। মিথ্যাচার করে, অপপ্রচার করে পার পাবেন না। আমাদের নেত্রী সাংবিধানিকভাবে যেমন রাষ্ট্র পরিচালনা করেন, তেমনি দলকে নিভৃত রাখেন, যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল না হয়। তাই আমরা অনুরোধ করি- গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেন, কেউ বাধা দেয়নি, দেবেও না। কিন্তু যদি আইন আপনারা হাতে তুলে নেন, সংবিধানকে চ্যালেঞ্জ করে কোনো কর্মসূচি দেন; তাহলে তার পরিণাম ভালো হবে না।
তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে সরকারকে হুমকি দিচ্ছেন তাদের জন্ম ক্যান্টনমেন্টে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনি জিয়া ক্যান্টনমেন্টে বসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সম্পদ বিতরণ করে বিএনপি সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের মতো রাজপথে সৃষ্টি হয়নি বিএনপি।
বিএনপিকে উদ্দেশ্য করে মোজাম্মেল হক আরও বলেন, আবার যদি বলেন ১০ ডিসেম্বরের পরে আওয়ামী লীগ সরকার থাকবে না। তাহলে ১১ তারিখ যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সংবিধানকে লঙ্ঘন করে, তাদের কথা বলারই সুযোগ দেওয়া হবে না। আপনাদের যে পরিণত হবে, সে জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা দায়ী থাকবে না।
অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মহানগরীর আওয়ামী লীগের সহসভাপতি আফজার হোসেন সরকার রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।
সম্মেলনে অধ্যাপক (অব.) আব্দুল বারীকে সভাপতি, ফাইজুল আলম দিলীপকে সিনিয়র সহ-সভাপতি, আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম শফি, আমির হোসেন, রকিব সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক নাম ঘোষণা করে বাসন থানা আওয়ামী লীগের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।