রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা আশ্বাস দিয়ে বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

গতকাল শনিবারের ওই হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD