রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :

সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিতে এ নির্দেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট জানায়, জনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় নিয়ন্ত্রণবিধি আরোপ করা যেতে পারে, তবে সাধারণ মানুষের অবাধ চলাচল স্বাভাবিক করতে হবে।

নির্দেশে বলা হয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা যাবে না, রেল ও মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে।

বিক্ষোভের জেরে দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের ঘটনায় দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি করতে আজ রোববার বিশেষ বেঞ্চ বসে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি এই আবেদন করেছিলেন।

গত ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের বিষয়টি নিয়ে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই নতুন করে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়।

বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তবে সেই প্রতিবাদ পুলিশের আইন মেনেই করতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, এ নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু প্রতিবাদের পদ্ধতি অবশ্যই আইনের মধ্যে থাকতে হবে।’

বিচারপতি বাগচি আবেদনকারীকে বলেন, প্রতিবাদ করার অধিকার পুলিশ আইনের ঊর্ধ্বে এমন দাবি করা যায় না।

এদিকে, বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের বিষয়ে এবং তাদের আটকের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে আদালতে নির্দেশ পালন সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD