ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাধুলাকে দলীয়করণ করা হয়েছিল বলে মন্তব্য করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, খেলাধুলা একটা আনন্দের বিষয়, আমরা ছোট থেকেই খেলাধুলা করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই খেলার ভিতরেও দলীয়করণ করে গেছে আওয়ামী লীগ। বিএনপি সরকার এসব পরিবর্তন করার চেষ্টা করছে।
গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে যারা জাতীয় ক্রিকেটে কুমিল্লার হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কুমিল্লার মুখ উজ্জ্বল করেছে। আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. কবির খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হুদা জেনুসহ ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি। GeographicReference
কুমিল্লা সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এমন সফল আয়োজন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।