জোমেল ওয়ারিক্যানের টসড আপ ডেলিভারিটা লং অনে ঠেলে দিয়েই একটা রান তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হয়ে গেল তাওহিদ হৃদয়ের, ইতিহাসও গড়ে ফেললেন তাতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
সেঞ্চুরির দেখা লাঞ্চের আগেই পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে তার ব্যাট চওড়া হয়েছে। তবে সময়ে সময়ে রয়ে-সয়েও খেলেছেন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিনি একাই খেলেছেন ১১৮ টি ডেলিভারি। এই সময়ে তিনি রান তুলেছেন ৯০, যার ১০টি এসেছে শেষ দুই বলে। সেশনটা তিনি শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে ১০ রানের দূরত্বে থেকে।
তৃতীয় সেশনে অপেক্ষাটা খুব বেশি বড় হতে দেননি হৃদয়। এই সময়ে আরও একটি চার মেরেছেন, ১৫ বল খেলে পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরিতে।