যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি যোগাযোগ করেছে এবং চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ হয়তো শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। খবর আনাদোলুর
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যুদ্ধের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্র রয়েছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,‘আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।’
তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। এখন দেখা যাক, বিষয়টি কীভাবে এগোয়।’
ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে, নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর লক্ষ্য ছিল পরবর্তী সময়ে আরও বড় একটি শান্তিচুক্তির পথ তৈরি করা।
এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের হামলা চালায়। এসব হামলায় সরকারি ভবন, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে তেহরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।