ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কয়েকটি পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। বুধবার (১৬ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত সামরিক সহায়তা প্যাকেজটির মূল্য প্রায় ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮০ লাখ ডলার হতে পারে। প্যাকেজের বড় অংশই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করলেও এতে কী ধরনের সরঞ্জাম থাকবে, তা জানায়নি। সরকারি গোপনীয়তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
তবে প্যাকেজে এমন কিছু সামরিক সরঞ্জাম থাকবে, যেগুলো পোল্যান্ডের সশস্ত্র বাহিনী থেকে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। এসব সরঞ্জাম পোল্যান্ডের আর ব্যবহারের উপযোগী না হলেও ইউক্রেনের জন্য এখনো কার্যকর হতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, পোল্যান্ডের প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য ব্যবহৃত পিএসি-৩ ইন্টারসেপ্টরও ইউক্রেনকে দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে।
পোল্যান্ডের অপারেশনাল কমান্ডার মেজর জেনারেল ইরেনেউশ নোভাক ইউক্রেনকে প্যাট্রিয়টের গোলাবারুদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত থাকবে। তাঁর ভাষায়, ‘কেউ ব্যাপক হারে দেওয়ার কথা বলছে না।’
এর আগে জুলাইয়ে পোল্যান্ড ইউক্রেনকে পাঁচটি পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিয়েছিল।
রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে আকাশ প্রতিরক্ষার মজুত পূরণ করতে ইউক্রেন বারবার মিত্রদের কাছে অতিরিক্ত গোলাবারুদ চেয়ে আসছে। আসন্ন শীতকালীন অভিযানে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে আশঙ্কায় পিএসি-৩ ইন্টারসেপ্টরের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কিয়েভ।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জুলাইয়ে জানিয়েছিলেন, ইউক্রেনকে এ পর্যন্ত প্রায় ৩৮০ কোটি ইউরো বা ৪৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে পোল্যান্ড।
সূত্র: আনাদোলু এজেন্সি