সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

গ্রাহকদের আন্দোলনসহ নানা অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে আজ পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত হয়নি।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল।

তবে ওমর ফারুক খানের পদত্যাগের খবর তিনি নিজেই অস্বীকার করেছেন। সন্ধ্যায় ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু বলতে পারবেন না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সে সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, ইউনিভার্সিটি অব বোকোনির ভিজিটিং প্রফেসর এবং ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ও মস্কো স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD