বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ইসলামী ব্যাংক কেলেঙ্কারিতে জড়িতদের তালিকা চান আদালত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

কোম্পানির ভুয়া কাগুজপত্র দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের তালিকা চেয়েছেন আদালত। আগামী চার মাসের মধ্যে সংশ্লিষ্ট তিন ব্যাংকের কর্তৃপক্ষকে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালত ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে তিন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া ও এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে ঋণ বিতরণের অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে এ ঘটনা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, দুদক ও সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। চার মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বছরের ৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD