পণ্যের নগদ টাকা নিয়ে মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেছেন একজন গ্রাহক।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে গুলশান থানায় এই মামলা করা হয়।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ই-অরেঞ্জের বিরুদ্ধে একজন গ্রাহক বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এর আগে গতকাল বিকেলে ই-অরেঞ্জের গুলশান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। এরপর তারা প্রতিষ্ঠানটির সাবেক ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বাসার সামনে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন মাশরাফি।
মাশরাফি গ্রাহকদের বলেন, গেল জুলাইয়ের ১ তারিখে তার চুক্তি শেষ হয়েছে। তবে গ্রাহকদের টাকা ও পণ্য ফেরতে তিনি সব ধরনের সহায়তা করবেন।
এসময় মাশরাফি গ্রাহকদের সামনে ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তাকে ফোন দেন। এ সময় শীর্ষ সেই কর্মকর্তা ১৯ আগস্ট টাকা দেয়া অথবা পণ্য ফেরত দেয়ার কার্যক্রম শুরুর কথা বলেন।