মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

উত্তর ইরাকে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত দেশটির সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। একই সময়ে কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

আইআরআইবির তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই গ্যাসক্ষেত্র থেকে উত্তর ইরাকের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

এদিকে হামলার সময়ের কাছাকাছি প্রায় ২০০ কিলোমিটার দূরের এরবিল শহরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

ইরাকি সংবাদমাধ্যম ও ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকাসহ এরবিলে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল–জাজিরাকে দেওয়া স্থানীয় পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, এরবিলের উত্তর-পূর্বাঞ্চলের খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানে অন্তত চারটি সন্দেহভাজন ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, টানা ১৩ রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা স্থগিত করেছে। এ অবস্থায় উত্তর ইরাকে নতুন করে ড্রোন হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ভালো ফলের সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD