তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগ নেতা জীবন হত্যার খুনিরা যেন বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে না পারে এবং বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে খুনি উপজেলা চেয়ারম্যান আসাদসহ সহযোগীদের গ্রেফতার করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব নেতাকর্মীদের জীবনের পরিবারের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর গ্রামে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রদান শেষে এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি জীবনের স্ত্রী-সন্তানকে নগদ ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন। একই সঙ্গে জীবনের স্ত্রীকে চাকরি প্রদানের আশ্বাস দেন। এ সময় নিহত জীবনের শিশু সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ নেতাদের সাথে জীবনের কবর জিয়ারত করেন।
শোকসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর ও নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সভায় পলক আরও বলেন, জীবন হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উথ্তাপন করে প্রয়োজনে দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় এনে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী জীবনের খুনি চেয়ারম্যান আসাদসহ তার সহযোগীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জামিউল আলীম জীবন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নানা অনিময়ম ও দুর্নীতি নিয়ে ফেসবুক লাইভে কথা বললে আসাদ এবং তার লোকজন জীবন এবং তার বাবাকে পিটিয়ে আহত করে। পরে গত শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে জীবন মারা যান।