আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উহান ভাইরোলজি ল্যাবের মেডিসিনে নোবেল পাওয়া উচিত। কোভিড-১৯ নিয়ে গবেষণায় তাদের ভূমিকার কারণেই তাদের এই সম্মান পাওয়া উচিত বলে মনে করে বেইজিং। ২০১৯ সালের ডিসেম্বরে উহান শহরেই প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। খবর জেরুজালেম পোস্টের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে ওই ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়ার অভিযোগ অস্বীকার করেন। এই ল্যাবে ইচ্ছাকৃতভাবে এই ভাইরাস তৈরি করা হয়েছে এবং ছড়িয়ে দেয়া হয়েছে বা সেখান থেকে কোনোভাবে বেরিয়ে পড়েছে এমন সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন।
তিনি বলেন, যারা ভাইরাল জিনোমের ব্যাপারে গবেষণা করেছেন যদি তাদের বিরুদ্ধেই ভাইরাস তৈরির অভিযোগ করা হয়, তাহলে হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) আবিষ্কার করা অধ্যাপক লুক মন্টাগনিয়েরকে নোবেল না দিয়ে এইডসের জন্য দায়ী করা হতো। একইভাবে অনুজীব আবিষ্কার করা লুই পাস্তুরকেও রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্য দায়ী করা হতো।
লিজিয়ান বলেন, এজন্য সমালোচনার শিকার না হয়ে কোভিড-১৯ নিয়ে গবেষণার জন্য উহানের টিমের মেডিসিনে নোবেল পুরস্কার পাওয়া উচিত। অনন্য অবদানের জন্য উহানের ওই ল্যাবকে দেশটিতে গবেষণার জন্য সর্বোচ্চ পুরস্কার ‘আউটস্ট্যান্ডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাচিভমেন্ট প্রাইজ’ দেয়ার পর লিজিয়ান এমন মন্তব্য করলেন।